সকল মেনু

সবশেষ
আপডেট

জিল বাংলা চিনিকল পরিদর্শনে বিএসএফআইসি চেয়ারম্যান

জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ। শুক্রবার দুপুরে তিনি মিলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে উৎপাদন বৃদ্ধি ও প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে মিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌসুল আলম। এতে প্রধান অতিথির বক্তব্যে কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ বলেন, “জিল বাংলা চিনিকলকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এই শিল্পকে টিকিয়ে রাখা ও এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

তিনি বলেন, মিলের বিদ্যমান সমস্যা ও বিভিন্ন চাহিদার বিষয়গুলো কর্পোরেশনের নজরে রয়েছে। উৎপাদন কার্যক্রম আরও গতিশীল করতে পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

চেয়ারম্যান আখ চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আখের উৎপাদন বাড়ানো গেলে চিনিকলের উৎপাদনও বৃদ্ধি পাবে। এজন্য কৃষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মুজিবুর রহমানও বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপক (কৃষি) কাওছার আলী সরকার, ব্যবস্থাপক (প্রশাসন) রকিবুল হক, ব্যবস্থাপক (অর্থ) জিয়া উদ্দিন, ব্যবস্থাপক (কারখানা) খালেদ মাহমুদ, ডিজিএম (সম্প্রসারণ) আলাউদ্দিনসহ মিলের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং মিলের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন