ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের সম্মিলিত আঘাতে এশিয়ার চার দেশ – ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় – এ পর্যন্ত ৯ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই দুর্যোগের ভয়াবহতা তুলে ধরা হয়েছে।
মৃতের সংখ্যা:
সিএনএন-এর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে প্রাকৃতিক এই বিপর্যয়ে দেশগুলোতে প্রাণহানি হয়েছে: ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় কমপক্ষে ৩৩৪ জন, থাইল্যান্ডে কমপক্ষে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন।
আন্দামান সাগর, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর আঘাতে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ প্রায় তছনছ হয়ে গেছে। ৪ লাখ ৮২ হাজার ২৮৬ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপ থেকে এ পর্যন্ত ৪৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৪০ জনেরও বেশি।
ঝড় ও ভারী বর্ষণের কারণে বন্যায় দ্বীপের বহু অঞ্চল ডুবে গেছে এবং বহু জায়গায় ভূমিধস ঘটেছে। এতে পুরো দ্বীপের সড়ক ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক কার্যত ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনী হেলিকপ্টারে করে বিচ্ছিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ করছে।
ভিডিও ফুটেজে রাবারের নৌকার সাহায্যে লোকজনকে উদ্ধারের চিত্র দেখা গেছে। তবে ত্রাণ পৌঁছাতে দেরি হওয়ায় কিছু এলাকায় দোকান ও বাজারে খাদ্য-সামগ্রী লুটের ঘটনাও ঘটেছে বলে সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।