সকল মেনু

সবশেষ
আপডেট

সিলেটের জৈন্তাপুরে

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ, পুলিশের অস্বীকার

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, এমন কোনো হামলার ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপি সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। তিনি বলেন, জৈন্তাপুরের হরিপুর বাজারে কর্মসূচি শেষে সিলেট শহরের উদ্দেশে রওনা দেওয়ার প্রায় ১৫ মিনিট পর, শহরে প্রবেশের আগমুহূর্তে তাদের গাড়িবহরের ওপর হামলা হয়। ঘটনার পর তারা সুরমা গেইট এলাকায় অবস্থান নেন।

হামলার বিষয়ে নিজের ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং দুজন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভাঙা গাড়ির গ্লাস এবং গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তির রক্তাক্ত আঙুল দেখা যায়।

তবে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা হামলার অভিযোগ নাকচ করে বলেন, কর্মসূচি শেষে তিনি নিজেই এনসিপি নেতাদের জৈন্তা গেইট পর্যন্ত এগিয়ে দেন। তার ভাষ্য, ওই সময় প্রবল বৃষ্টির কারণে সড়ক ফাঁকা ছিল এবং কোনো হামলার ঘটনা ঘটেনি। একই দাবি করেছেন শাহপরাণ থানার ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমানও।

পরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। নাসীরুদ্দীন বলেন, সমাবেশ শেষে ফেরার পথে চলন্ত গাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। পরে তিনি হাতে আঘাত পান এবং দেখতে পান ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে তার পাশে থাকা একজনও আহত হয়েছেন।

এ সময় তিনি রাজনৈতিকভাবে ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “আপনি মস্ত বড় একটি ভুল করেছেন, আর এই ভুলের কাফফারা দিতে হবে। আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।”

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। দলটির অভিযোগ, কর্মসূচির বিভিন্ন পর্যায়ে তারা পুলিশি বাধা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কয়েকজন আহত হন বলে দাবি করে দলটি। পরদিন মৌলভীবাজারে প্রবেশের সময়ও পুলিশি বাধার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগের পর শুক্রবার জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ সামনে এলো।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন