অভিনয় জগতে নতুন এক রূপে হাজির হলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’-এ একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন। গত ২০ নভেম্বর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্য তৈরি করে জানানো হয়েছিল যে, মোশাররফ করিম আরও একটি নতুন রূপে চরকিতে ফিরছেন।
দর্শকদের কৌতূহল বাড়ার পর ২৩ নভেম্বর আরেকটি পোস্টে জানানো হয়, ‘লাইফটাই একটা জোক, আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস।’ এই ধারণা থেকেই নির্মিত হয়েছে ডিমলাইট।
নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, এই চলচ্চিত্রে কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো গভীর সমস্যা দেখানোর চেষ্টা আছে।
তিনি বলেন, জীবনে কিছু সমস্যা থাকে যা সহজে চোখে পড়ে না। সেই সমস্যাগুলো সহজভাবে দর্শকদের কাছে তুলে ধরতে প্রয়োজন হয় পরিমিত আলো, যা ডিমলাইটের প্রতীক। তিনি আশা করেন, ছবিটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।
২৫ নভেম্বর প্রকাশিত অফিশিয়াল পোস্টারে নিশ্চিত করা হয়, এটি সম্পর্কের নানা দিকের গল্প বলার প্রয়াসে শুরু হওয়া মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ চলচ্চিত্র। পোস্টারের ক্যাপশনে মিডলাইফ ক্রাইসিসকে প্রতীকীভাবে ‘ডিমলাইট ক্রাইসিস’ হিসেবে ব্যাখ্যা করা হয়।
সিনেমাটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন এবং সহ-প্রযোজনায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। মোশাররফ করিমের সঙ্গে এই ছবিতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন, পারসা ইভানা এবং পরিচালক শরাফ আহমেদ জীবন নিজেও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।