সকল মেনু

সবশেষ
আপডেট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি নিকোলাস ওতামেন্ডি

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দীর্ঘ ১৭ বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টানলেন নিকোলাস ওতামেন্ডি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক।

২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর টানা প্রায় দুই দশক আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন ৩৮ বছর বয়সী ওতামেন্ডি। তার বিদায়ের মধ্য দিয়ে আলবিসেলেস্তেদের এক স্মরণীয় যুগের সমাপ্তি ঘটল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে না পারলেও শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ লড়াই করার তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছেন এই ডিফেন্ডার। আর্জেন্টিনার হয়ে ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং প্রতিনিধিত্ব করেছেন চারটি বিশ্বকাপে।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তায় ওতামেন্ডি লিখেছেন, “আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলাফল আমাদের পক্ষে না গেলেও আমরা শেষ সেকেন্ড পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়েছি। এই গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আর্জেন্টিনা, আমাকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য।”

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওতামেন্ডি। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ক্লাব ক্যারিয়ারেও ইউরোপের শীর্ষ পর্যায়ে দীর্ঘ সময় সফলভাবে খেলেছেন ওতামেন্ডি। পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় ১৬ বছর কাটানোর পর সম্প্রতি তিনি নিজ দেশের ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে তার পথচলা আপাতত অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন