সকল মেনু

সবশেষ
আপডেট

জামালপুরে সাপে কাটা নারীর মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর স্বজনরা। তাঁদের দাবি, সময়মতো সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না দেওয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর মধ্যে বিষধর সাপের কামড়ের লক্ষণ না থাকায় প্রাথমিকভাবে অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

নিহত রমিছা বেগম (৫৫) উপজেলার তারতাপাড়া গ্রামের বাসিন্দা এবং জেলে চান মিয়ার স্ত্রী।

স্বজনদের ভাষ্য, সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে রমিছা বেগমকে একটি সাপ কামড় দেয়। পরে তাঁকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা এটিকে বিষধর সাপের কামড় নয়, বরং অন্য কোনো প্রাণীর কামড় বলে ধারণা করেন। এ কারণে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

নিহতের ছেলে লিটন মিয়া বলেন, “আমার মাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেন, এটি সাপের কামড় নয়। পরে মায়ের অবস্থা খারাপ হলে আবার হাসপাতালে নিয়ে যাই। তখন জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথে আমার মা মারা যান। চিকিৎসকের অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

নিহতের দেবর লাভলু মাস্টারও চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ বলেন, সরকারি চিকিৎসা প্রোটোকল অনুযায়ী রোগীর রক্ত পরীক্ষা ও বিষধর সাপের কামড়ের বিভিন্ন লক্ষণ পরীক্ষা করা হয়। রোগীর মধ্যে বিষধর সাপের কামড়ের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরে রোগীর স্বজনরা তাঁকে নিয়ে চলে যান। পরে আবার হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন