সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। সেখানে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
এনসিপির জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শিব্বির আহমদ জানান, সারজিস আলমের গাড়ির পাশাপাশি এনসিপির নেতা মাহমুদা মিতু ও আতিকুর রহমান মোজাহিদের গাড়িতেও হামলা চালানো হয়েছে। এছাড়া শহীদ সাতটি পরিবারের সদস্যদের বহনকারী গাড়িও হামলার শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় এনসিপি নেতাদের ভাষ্য অনুযায়ী, সভা শেষে গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করার সময় কয়েকজন ব্যক্তি সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ করেন। এতে গাড়িতে আঘাত লাগে এবং ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে কোমল পানীয়র ছোট বোতল ছুড়ে মারা হয়। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। এ সময় ঘটনাস্থলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগানও দেওয়া হয়।
ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বোতল নিক্ষেপের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে পুলিশ পাহারায় সারজিস আলমকে বহনকারী গাড়িবহর সিলেটের উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুলাই গণ–অভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।