হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
প্রশাসনের আশঙ্কা, উভয় দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়ে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এ ধরনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এনসিপির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে দেশের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।