স্পেনের কাছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ১–০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। সেই সঙ্গে আপাতত বাস্তবায়ন হচ্ছে না চিত্রনায়িকা পরীমনির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণা’ও। ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে তিনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

পরীমনির এই পোস্ট মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে। এতে ৫২ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সুযোগ বন্ধ থাকলেও পোস্টটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
পরে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে পরীমনি বলেন, ‘ফাইনালের ফলের সঙ্গে যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা খুব খারাপ। এই দলের সঙ্গে আমার অনেক ইমোশন আর ভালোবাসা জড়িয়ে আছে। তবে আমি বিশ্বাস করি, হার মানেই শেষ নয়; নতুনভাবে শুরু করার সুযোগও। ভালোবাসার আর্জেন্টিনা, পরের বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষায় থাকব। তোমরা আরও শক্তিশালী হয়ে ফিরবে। আর মেসি তো এক অন্যরকম অনুভূতির নাম, তার জন্য সব সময় ভালোবাসা থাকবে।’

বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।
পরীমনির বিয়ের ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় গত বুধবার দিবাগত রাতে। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারের মাধ্যমে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

ফাইনালের আগে ওই পোস্ট নিয়ে কিছুটা অস্বস্তির কথাও জানান পরীমনি। রোববার দুপুরে তিনি হাসতে হাসতেই বলেন, ‘আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করেই বিয়ে করেছি। এবার ঘোষণা দিয়ে তো বিপদেই পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসলি নেবে। এত এত বিয়ের প্রস্তাব আসছে যে, কী করব বুঝতেই পারছি না।’

বিয়ের প্রসঙ্গে আরেকটি বিষয়ও তুলে ধরেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন সেই জায়গায় কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ওর বিয়ে হোক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে হয়তো আবার বিয়ে করা যাবে।’

শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন পূরণ হয়নি, আর সেই সঙ্গে আপাতত বাস্তবায়ন হচ্ছে না পরীমনির আলোচিত বিয়ের ঘোষণাও। তাই ফাইনাল শেষে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়াতেই ফুটে উঠেছে এক আর্জেন্টিনা-সমর্থকের আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।