বাংলাদেশের আবহাওয়া বছরের বেশির ভাগ সময়ই উষ্ণ থাকে। তীব্র রোদ, অতিরিক্ত ঘাম, ধুলাবালু ও দূষণের কারণে এ সময়ে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। কারও ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে, আবার অনেকের ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। তাই গরমে ত্বক সুস্থ, সতেজ ও উজ্জ্বল রাখতে প্রয়োজন নিয়মিত ও সঠিক পরিচর্যা।
গরমের দিনে শরীরকে ভেতর থেকে সতেজ রাখতে পর্যাপ্ত পানি পান করা সবচেয়ে জরুরি। মুখে ঠান্ডা পানি ছিটালে স্বস্তি মিললেও বারবার ফেসওয়াশ ব্যবহার না করে সাধারণ পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করা ভালো।

গরমে ত্বকের যত্নে যেসব নিয়ম মানবেন


শুষ্ক ও ফাটা ত্বকের যত্ন
শুষ্ক ত্বকের জন্য মৃদু ফেসওয়াশ ব্যবহার করুন এবং খুব গরম পানি দিয়ে মুখ ধোয়া এড়িয়ে চলুন। দিনে তিন থেকে চারবার ময়েশ্চারাইজার লাগাতে পারেন। ঘরোয়া পরিচর্যায় সমপরিমাণ অ্যালোভেরা জেল, মধু ও টক দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। চাইলে শুধু টক দই ও মধুর মিশ্রণও ব্যবহার করতে পারেন। এসব উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং কোমলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
তৈলাক্ত ত্বকের যত্ন
পানিনির্ভর (ওয়াটার-বেসড) ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং ভারী বা অতিরিক্ত তৈলাক্ত ক্রিম এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় মেকআপ না করাই ভালো। সমপরিমাণ মুলতানি মাটি ও গোলাপজল মিশিয়ে তৈরি ফেসপ্যাক অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়ক এবং ত্বককে সতেজ রাখে।

মিশ্র ত্বকের যত্ন
মিশ্র ত্বকের জন্য উপযোগী ফেসওয়াশ ব্যবহার করুন। কপাল, নাক ও থুতনি—যা টি-জোন নামে পরিচিত—এই অংশের বাড়তি যত্ন নিন। ত্বকের প্রয়োজন অনুযায়ী হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সমপরিমাণ অ্যালোভেরা জেল ও শসার রস মিশিয়ে তৈরি ফেসপ্যাক ত্বককে শীতল রাখে এবং শুষ্ক ও তৈলাক্ত অংশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।