সকল মেনু

সবশেষ
আপডেট

যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী—কেরালায় বিরল আয়োজনের বিয়ে

ভারতের কেরালায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠান, যেখানে বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যমজ মানুষ। যমজ কনে-বর থেকে শুরু করে যমজ পুরোহিত ও যমজ সহকারী—সব মিলিয়ে এই আয়োজন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কেরালার চঙ্গনাচেরির মেট্রোপলিটন চার্চে অনুষ্ঠিত এই বিয়েতে যমজ ভাই আখিল কে থমাস ও নিখিল কে থমাস বিয়ে করেন যমজ বোন ম্যাগি মেরি ও মারিয়া মেরিকে। বিয়ের আনুষ্ঠানিকতায় আখিলের পাশে ছিলেন নিখিল, আর ম্যাগির পাশে ছিলেন মারিয়া।

অনুষ্ঠানটিকে আরও অনন্য করে তোলে যমজ পুরোহিতদের উপস্থিতি। কাঞ্জিরাপল্লী ডায়োসিসের ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল ও ফাদার আজো পেঝুমকাট্টিল একসঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের সহযোগী হিসেবেও ছিলেন যমজ দুই কিশোর—জেরন জেমস ও জোহন জেমস।

জানা গেছে, আখিল ও নিখিল কেরালার চঙ্গনাচেরির বাসিন্দা কুঞ্জুমন থমাস ও জোমোল দম্পতির যমজ সন্তান। অন্যদিকে ম্যাগি ও মারিয়া পাঠানমথিট্টা জেলার কুলাথুরের টমিচান ও মেরিকুটি দম্পতির যমজ কন্যা।

বিয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকায় যমজদের উপস্থিতি ছিল পরিকল্পিত। কনেরা নিজেরাই যমজ পুরোহিতের খোঁজ করছিলেন। পরে যমজদের বিশেষ সমাবেশের জন্য পরিচিত কোঠানাল্লুরের একটি গির্জার মাধ্যমে তারা ওই দুই পুরোহিতকে খুঁজে পান।

যমজ দুই বোন জানান, যমজ মানুষদের ঘিরে বিয়ের আয়োজন করা তাদের শৈশবের স্বপ্ন ছিল। পরিবারের সদস্যরাও সেই ইচ্ছাকে সমর্থন করেছিলেন। তাদের ভাষায়, এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

বিয়ের পর যমজ পুরোহিতরাও অনুভূতি প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যমকে তারা বলেন, যমজদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা তাদের জন্য এক বিরল ও স্মরণীয় অভিজ্ঞতা। এটি ভ্রাতৃত্ব, পারিবারিক বন্ধন ও একসঙ্গে নতুন জীবন শুরু করার সৌন্দর্যের প্রতীক।

পেশাগত জীবনে আখিল ও নিখিল দুজনই মার্চেন্ট নেভিতে কর্মরত। অন্যদিকে ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন।

বিয়ের এই ব্যতিক্রমী আয়োজন শুধু বিরল দৃশ্যই উপহার দেয়নি, বরং একসঙ্গে পথচলা, পারিবারিক বন্ধন এবং স্বপ্ন পূরণের এক অনন্য বার্তাও তুলে ধরেছে।

সূত্র: এনডিটিভি

ফন্ট সাইজ:
0Shares
আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×
নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন