জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপির বিরুদ্ধে বিরোধী রাজনীতির নামে ষড়যন্ত্র করে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি বলেন, এ ধরনের রাজনীতি অব্যাহত থাকলে আওয়ামী লীগের মতো পরিণতি জামায়াত ও এনসিপিরও হতে পারে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারের ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরলে তা সংশোধনের সুযোগ সৃষ্টি হয়। তবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক অঙ্গনকে অশান্ত করার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, “আওয়ামী লীগ যে পথে গেছে, বিএনপি সেই পথে যাবে না। তবে জামায়াত ও এনসিপি একই পথে যেতে পারে। এখনও সময় আছে, সতর্ক হোন।”
এনসিপির প্রসঙ্গে তিনি বলেন, দলটির কর্মসূচি যেন উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি না করে। এ সময় তিনি এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটওয়ারীরও সমালোচনা করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং কোনো নেতাকর্মীর অন্যায়ের দায় দল নেবে না। তাঁর ভাষায়, “বিএনপি যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে কোনো নেতাই দলকে টিকিয়ে রাখতে পারবেন না।”
নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে এমপি মামুন বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশাবাদী। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।