সকল মেনু

হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল

মরক্কোর বিপক্ষে ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাথউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের অলরাউন্ড পারফরম্যান্সে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়িয়েছিলেন রাফিনিয়া, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এই ধাক্কা কাটিয়ে গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ শানাতে থাকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। অবশেষে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে দারুণ এক শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলরক্ষক জনি প্লাসিড প্রথম দফায় শটটি ঠেকালেও ফিরতি বলে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান স্ট্রাইকার ম্যাথউস কুনহা।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের ৩৬ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় ব্রাজিল। মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। গতি বাড়িয়ে তাঁর বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়া কুনহাকে লক্ষ্য করে একটি ডিফেন্স চেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে নিখুঁত বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি উদযাপন করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

কুনহার জোড়া গোলের পর প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র নিজেই। প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে যান তিনি। ঠাণ্ডা মাথায় তাঁর দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে ব্রাজিলের ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×