ফুটবলপ্রেমীদের দীর্ঘ সাড়ে তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে মাঠের লড়াইয়ে গড়াচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। কাতার বিশ্বকাপের পর চার বছর পূর্ণ হওয়ার আগেই আবারও ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। এবারই ইতিহাসে প্রথমবার যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শুধু তা-ই নয়, আগের আসরগুলোর চেয়ে ১৬টি দল বাড়িয়ে এবার রেকর্ড সর্বোচ্চ ৪৮টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্বযজ্ঞ।
আজ বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের মাঠের লড়াই। কাকতালীয়ভাবে ২০১০ সালের বিশ্বকাপেও এই দুই দল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল, যা ১-১ গোলে সমতায় শেষ হয়। ফুটবল ইতিহাসের দুই অমর কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের স্মৃতিবিজড়িত আজতেকা স্টেডিয়ামটি প্রথম কোনো ভেন্যু হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।
এবার মেক্সিকোর এই ভেন্যুতে শুরু হওয়া আসরের পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। পুরো টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬টি মাঠে, যার মধ্যে সর্বোচ্চ ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে এবং ১৩টি করে ম্যাচ আয়োজন করবে মেক্সিকো ও কানাডা।
বিশ্বকাপকে আকর্ষণীয় ও গতিময় করতে এবার ফিফা নিয়মে এনেছে একগুচ্ছ বড় পরিবর্তন। এখন থেকে বদলি খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে সবচেয়ে কাছের সীমানা দিয়ে এবং মাত্র ১০ সেকেন্ডের মধ্যে নতুন খেলোয়াড়কে মাঠে নামতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট দলকে পুরো এক মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে। থ্রো-ইন করতে ৫ সেকেন্ডের বেশি সময় নিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের মাঠের ভেতর চিকিৎসার প্রয়োজন হলে তাকে অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে।
রেফারিদের সঙ্গে অসদাচরণ, মাঠে প্ররোচনা দেওয়া কিংবা সিদ্ধান্ত অমান্য করে পুরো দল মাঠ ছেড়ে দিলে কঠোর শাস্তিসহ প্রতিপক্ষকে জয়ী ঘোষণার নিয়ম রাখা হয়েছে। এছাড়া ভিএআর (VAR) প্রযুক্তিতেও আসছে নতুনত্ব; এখন থেকে ভুল কর্নার কিক এবং ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার মতো বিষয়গুলোও রিভিউ করতে পারবেন রেফারিরা। এমনকি মুখ আড়াল করে রেফারিকে উদ্দেশ্য করে কোনো উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেও লাল কার্ড দেখার ঝুঁকি থাকবে।
মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকা খেলোয়াড়দের ভাগ্য ও নানা বিতর্ক নিয়েও চলছে জোর আলোচনা। ইনজুরি কাটিয়ে ব্রাজিলের স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি এবং প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোল করে লিওনেল মেসির ছন্দে ফেরার খবর ভক্তদের স্বস্তি দিয়েছে। অন্যদিকে নিজের শেষ বিশ্বকাপ রাঙাতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদো। এর বাইরে কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন এবং তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও আরলিং হালান্ডদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে দুনিয়া। তবে এবারের আসরকে ঘিরে টিকিট মূল্যের আকাশছোঁয়া দাম এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ইরানের কয়েকজন স্কোয়াড সদস্য এবং সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেননি, এমনকি ইতালির সাবেক অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোও নিরাপত্তা তল্লাশির নামে হেনস্থার শিকার হয়েছেন।
এসব বিতর্ক ও নানামুখী উত্তেজনার মাঝেই আজ রাত থেকে প্রিয় দলের জার্সি আর পতাকা হাতে বিনিদ্র রজনী যাপনের জন্য পুরোপুরি প্রস্তুত বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।