বাংলাদেশ ক্রিকেটে নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
এর ফলে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচটি নির্ধারিত ছিল, কিন্তু ক্রিকেটাররা মাঠে না আসায় খেলা স্থগিত রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিসিবির এক অনুষ্ঠানের পর নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ অংশ না নিলে বোর্ডের কোনো ক্ষতি হবে না এবং ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে তিনি জানান। এছাড়া ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও সমালোচনা করেন তিনি।
এই মন্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করে কোয়াব তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে জুমে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের পক্ষে এভাবে ক্রিকেটারদের অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই মন্তব্য পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সবকিছুর একটা সীমা আছে। সীমা লঙ্ঘন হলে আমাদের অবস্থান অনড় থাকবে।
বৃহস্পতিবার দুপুর ১টায় হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে কোয়াব তাদের অবস্থান আরও স্পষ্ট করে। মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তসহ অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তারা জানান, শুধু একটি কারণেই তারা খেলা থেকে সরে দাঁড়িয়েছেন—নাজমুল ইসলামের পদত্যাগ।
গত রাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে ক্রিকেটারদের বৈঠক হয়। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং নাজমুলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কোনো ফল হয়নি। বিসিবি নাজমুলের মন্তব্য থেকে নিজেদের দূরে রেখে দুঃখ প্রকাশ করেছে এবং শোকজ নোটিশ দিয়েছে। তবে ক্রিকেটাররা পদত্যাগের দাবিতে অনড়।
এই সংকটের ফলে বিপিএলের বাকি ম্যাচগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোয়াব জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট—আন্তর্জাতিক, ঘরোয়া ও বিপিএল—বর্জন চলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।