সকল মেনু

টিকিটের দাম নিয়ে সমর্থকের ক্ষোভ: ফিফার বিরুদ্ধে ‘বিশাল বিশ্বাসঘাতকতা’র অভিযোগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ করার পরই বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রকাশিত মূল্যতালিকা প্রতিশ্রুতি এবং সমর্থকদের প্রত্যাশা থেকে বহু দূরে থাকায় বৃহস্পতিবার দাম প্রকাশের পরপরই ভক্তরা ফিফাকে ‘মনুমেন্টাল বেট্রেয়াল’ বা ‘বিশাল বিশ্বাসঘাতকতা’র অভিযোগে অভিযুক্ত করেন।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলার জন্য ৮ শতাংশ টিকিট পায়, যা সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের জন্য বরাদ্দ থাকে। জার্মান ফুটবল ফেডারেশন যে তালিকা প্রকাশ করেছে, তাতে দামের অস্বাভাবিক বৃদ্ধি স্পষ্ট। দেখা গেছে, গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার পর্যন্ত উঠেছে। ফাইনালের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪,১৮৫ ডলার এবং সর্বোচ্চ ৮,৬৮০ ডলার।

স্মরণ করা যেতে পারে, ফিফার পক্ষ থেকে পূর্বে দাবি করা হয়েছিল যে গ্রুপ পর্বে ৬০ ডলারের টিকিট থাকবে। এমনকি যুক্তরাষ্ট্র যখন সাত বছর আগে বিশ্বকাপের আয়োজনের বিড করেছিল, তখন তারা গ্রুপ পর্বে ২১ ডলারের শত হাজার সিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমান দাম সেই প্রতিশ্রুতি থেকে অনেক দূরে।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ বা এফএসই এই দামকে ‘অত্যধিক’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, এটি বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি একটি বিশাল বিশ্বাসঘাতকতা এবং এতে সমর্থকদের অবদানকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সমর্থকদের জানিয়েছে, কেউ যদি ইংল্যান্ডের সব ম্যাচের টিকিট কিনতে চান, তবে তার সাত হাজার ডলারের বেশি খরচ হবে।

ফিফা অবশ্য জানিয়েছে, তাদের ওয়েবসাইটে টিকিটের দাম গ্রুপ পর্বে ৬০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালে ৬,৭৩০ ডলার পর্যন্ত হবে। তবে এই দাম পরিবর্তন হতে পারে, কারণ এই প্রথম তারা বিশ্বকাপে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করছে। জার্মান ফেডারেশন কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা গেছে, জার্মানির প্রথম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১৮০ ডলার। সেমিফাইনালের সর্বনিম্ন দাম ৯২০ ডলার, যা বেড়ে ১,১২৫ ডলারে পৌঁছেছে।

এফএসই ফিফাকে অনুরোধ করেছে জাতীয় সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে। তাদের মতে, বিশ্বকাপের ঐতিহ্য, সার্বজনীনতা ও সাংস্কৃতিক মূল্যকে সম্মান করে এমন একটি সমাধান না পাওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখা উচিত।

এদিকে, ফিফা বৃহস্পতিবার তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু করেছে। গত সপ্তাহে ড্র হওয়ার পর সমর্থকেরা এখন প্রথমবারের মতো নির্দিষ্ট ম্যাচের জন্য আবেদন করতে পারছেন। এই ধাপে সমর্থকেরা টুর্নামেন্টের যেকোনো ম্যাচের জন্য টিকিট আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫ থেকে, যা শেষ হবে ১৩ জানুয়ারি ২০২৬। ফিফা জানিয়েছে, আবেদন কখন করা হলো তা সুযোগ পাওয়ার সম্ভাবনায় প্রভাব ফেলবে না। সফল আবেদনকারীদের ফেব্রুয়ারিতে ইমেইলে জানানো হবে।

স্মরণ করা যেতে পারে, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার এবং ২০২২ সালে কাতারে দাম ছিল প্রায় ৭০ থেকে ১,৬০০ ডলার। ২০২৬ সালের ফাইনালের টিকিট ইতোমধ্যে পুনর্বিক্রয় বাজারে ১১ হাজার ডলারের ওপরে উঠেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×