সকল মেনু

খুলনা-যশোর মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনা, আহত ২৪

খুলনার ফুলতলায় জ্বালানি তেলবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং সরকারি বিএল কলেজের শিক্ষার্থীবাহী বাসের মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার (১৭ জুন) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে যশোর থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি জ্বালানি তেলবাহী ট্রাকের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটির সঙ্গে বিপরীত দিক (খুলনা) থেকে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক একই সময়ে তেলবাহী ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের একটি শিক্ষার্থীবাহী বাস নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে তিনটি যানবাহনের এই ত্রিমুখী সংঘর্ষে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহত ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ৮ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ১৬ জনকে যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে খুলনা-যশোর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিমুখী সংঘর্ষের এই ঘটনায় মোট ২৪ জন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাময়িকভাবে সড়কে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×