সকল মেনু

ক্রিকেটার নাঈমকে মারধর: খুলশী থানার ওসি প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নিয়ে হেনস্তা করার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এই প্রত্যাহারের আদেশ দেন।

একই আদেশে খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সাথে পুলিশের সোর্স সোহেলকেও আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ক্রিকেটার নাঈম হাসান জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষ করে শুক্রবার রাতে বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় (এক্সপ্রেসওয়ে থেকে নামার সময়) পুলিশ তাদের গতিবিধি রোধ করে।

পুলিশ প্রথমে অটোরিকশার কাগজপত্র জব্দ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স সোহেল লাঠি ও পাইপ দিয়ে নাঈম হাসানকে নির্মমভাবে মারধর করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় করে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে ব্যাপক হেনস্তার শিকার হতে হয়। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপে থানা থেকে মুক্তি পান এই জাতীয় ক্রিকেটার।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×