সকল মেনু

বেনাপোলে সাংবাদিকের ওপর প্রকাশ্য হামলা, থানায় মামলা

যশোরের বেনাপোলে পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টুর ওপর প্রকাশ্য দিবালোকে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে শার্শা উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও সাংবাদিক সেন্টু পেশাগত কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাসা থেকে শার্শার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী হোসেন আলীর ছেলে ঝন্টুর নেতৃত্বে ৫-৭ জনের একটি সশস্ত্র দল তার মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তার আত্মচিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু জানান, “আমি নিউজের কাজে শার্শার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই ঝন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়।” তিনি আরও জানান, সকালে শার্শা থানায় তার সেজো ভাইয়ের একটি তুচ্ছ ঘটনা নিয়ে সালিশ হওয়ার কথা ছিল এবং সেখানে তার যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

এদিকে, প্রকাশ্য দিবালোকে গণমাধ্যমকর্মীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে মূলহোতা ঝন্টুসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় দ্রুত মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং তাদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×