বান্দরবান সদর হাসপাতালের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতালের সার্ভিস ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন—ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)।
আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন একদল শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হয়। এতে তারা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।