সকল মেনু

এক পিস রোস্টের জন্য তুলকালাম; বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৩

পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনেপক্ষের ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন— পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বর-কনেপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীরা কনের বাড়িতে যান। অতিথিদের খাবার পরিবেশনের একপর্যায়ে বরপক্ষের অতিথি আলম প্যাদা কনের চাচা ও খাবার পরিবেশনকারী রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। ওই সময় মূলত গরুর মাংস পরিবেশন করা হচ্ছিল। রোস্ট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।

কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেন, “আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। আলম প্যাদাই প্রথমে হামলা চালান, যার ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।” তবে এই বিষয়ে বরপক্ষের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে রাসেল মোল্লার বাম চোখের পাশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। কনেপক্ষের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×