অনলাইন অ্যাপে বিনিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের লাভের প্রলোভন এবং নিজেকে ৪০০ বছরের ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সোমবার মমতাজ বেগম নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ বাদীর কাছে গিয়ে ‘ইকো ভোল্ট’ নামের একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে প্রলোভন দেখান। তার কথায় বিশ্বাস করে মমতাজ বেগমের মাধ্যমে প্রায় ১০০ জন গ্রাহক ওই অ্যাপে মোট ১১ লাখ টাকা বিনিয়োগ করেন।
পরবর্তীতে ‘সিইএফ’ নামের আরেকটি অ্যাপে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা হাতিয়ে নেন হামিদ। একপর্যায়ে ইকো ভোল্ট অ্যাপটি অকার্যকর হয়ে গেলে নতুন করে অধিক লাভের লোভ দেখিয়ে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করেন তিনি। সবমিলিয়ে মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়।
বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইলে বা যোগাযোগ করতে গেলে আব্দুল হামিদ ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছরের জিনের বাদশা পরিচয় দিতেন এবং অলৌকিক ক্ষমতার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন।
তদন্তে জানা যায়, হামিদ বিভিন্ন সময় বিভিন্ন নামে ভুয়া অ্যাপ চালু করে উচ্চ মুনাফার ফাঁদ পেতে বেকার যুবক ও সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতেন। কিছুদিন পর অ্যাপগুলো বন্ধ করে দিয়ে আবার নতুন অ্যাপ খুলে একই কায়দায় প্রতারণা করতেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং প্রতারণামূলক অ্যাপ সংক্রান্ত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।