ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ভোরে রড এবং যাত্রী বোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ট্রাকের ওপরে থাকা রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং ৬ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফোজিয়া হাবিব খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।