সকল মেনু

খুলনা মেডিকেলে আগুন: আইসিইউ থেকে সরানোর সময় নারী রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাড়াহুড়ো করে সরানোর সময় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া আগুন নেভাতে ও রোগীদের সরাতে গিয়ে দুই নার্সসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ বুধবার (২০ মে) ভোরে হাসপাতালের চতুর্থ তলায় পুরোনো আইসিইউ ইউনিট সংলগ্ন একটি স্টোররুমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা উপজেলার নেছার আলীর মেয়ে এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে তাকে দ্রুত বাইরে বারান্দায় বের করে আনার পরপরই তার মৃত্যু হয়। তবে একই আইসিইউতে থাকা শেখ আবুল হাসেম (৯৬) নামের দিঘলিয়া উপজেলার আরেক রোগী আগুন লাগার আগেই ভোর আনুমানিক পাঁচটার দিকে স্বাভাবিকভাবে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হাসপাতালের চতুর্থ তলা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে আইসিইউসহ আশেপাশের কয়েকটি ওয়ার্ড থেকে রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, খবর পেয়ে তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে। আগুনে হাসপাতালের কিছু আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×