সকল মেনু

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণের পথে বড় অগ্রগতি

​নেত্রকোনার দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। পূর্বধলা উপজেলার ঐতিহাসিক জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সরজমিনে পরিদর্শন ও মতবিনিময় করেছেন সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি দল।

আজ বুধবার (১৩ মে) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ, এমপি নেত্রকোনা সফরে আসেন। সফরকালে তাঁরা প্রথমে জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরবর্তীতে দুর্গাপুরে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে দুর্গাপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঘোষণা করেন- ​”জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন স্থাপনের সমীক্ষা ও জরিপ কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। খুব শীঘ্রই এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দুর্গাপুরবাসী দেখতে পাবেন।”

​উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ​জনাব মো. ফাহিমুল ইসলাম, সচিব, রেলপথ মন্ত্রণালয়। জনাব মো. আফজাল হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে।

​সভায় বক্তারা উল্লেখ করেন, পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুর্গাপুর সারা দেশের সাথে সরাসরি রেলপথে যুক্ত হলে এই অঞ্চলের পর্যটন শিল্পে এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে। এছাড়া এলাকার উৎপাদিত কৃষিপণ্য ও খনিজ সম্পদ পরিবহনে খরচ অনেকাংশে কমে আসবে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

​জারিয়া-দুর্গাপুর রেলপথ নির্মিত হলে এটি কেবল একটি যোগাযোগ মাধ্যম হবে না, বরং এটি হবে হাওর ও পাহাড় ঘেরা এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নের নতুন দিগন্ত। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×