বৈষম্যহীন ও দায়িত্বশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নেত্রকোণায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক একটি আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আঞ্চলিক আলাপন: শিক্ষা থেকে সম্ভাবনা” শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) এবং স্থানীয় বেসরকারি সংস্থা সোসিও-ইকোনমিক অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন (সেরা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান।
সভা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেরার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে আইআইডির নির্বাহী প্রধান সাঈদ আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক বাংলাদেশের প্রত্যাশা করছে। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পরবর্তী সরকারের জন্য শিক্ষা ও কর্মসংস্থান খাতে জনমত ও সুপারিশ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। এর মধ্যে ছিল শিক্ষার গুণগত মান উন্নয়ন, স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং শিক্ষা খাতে বাজেট ও নীতিগত সহায়তা জোরদার করা।
মুক্ত আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা শিক্ষা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা আন্তর্জাতিক গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বয়স অনুযায়ী প্রয়োজনীয় গাণিতিক ও মৌলিক শিক্ষাগত দক্ষতা অর্জন করতে পারছে না, যা ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, তৃণমূল পর্যায়ের সমস্যা ও সুপারিশগুলো জাতীয় নীতিনির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজক প্রতিষ্ঠান আইআইডি জানায়, স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও তরুণদের প্রত্যাশা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।
প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়ন নেত্রকোণার সামগ্রিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।