সকল মেনু

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড বিএনপির সভাপতির ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। ভুক্তভোগী আনোয়ার হোসেন তারা হলেন ওই ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম মলুর ছোট ভাই। অভিযুক্তদের মধ্যে রয়েছেন একই ওয়ার্ডের বিএনপি সদস্য আব্দুর রশীদ এবং তার সহযোগী বকুল, সুবাহান ও সামিউল।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুসারে, প্রথমে ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম মলুকে ১২০টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছিল। পরে তা কমিয়ে ৮০টিতে নামানো হয়। এর মধ্যে আব্দুর রশীদ একাই ৬০টি কার্ড দাবি করলে বিরোধ তৈরি হয়। বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং আনোয়ার হোসেন তারার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আনোয়ার হোসেন তারা মারধরের শিকার হয়ে বিচার দাবি করেছেন।

জহুরুল ইসলাম মলু জানান, রশীদকে মাত্র দুটি কার্ড দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন। তার ছোট ভাই প্রতিবাদ করলে মারধর শুরু হয়।অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের বাড়ি বা এলাকায় পাওয়া যায়নি। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানও যোগাযোগের চেষ্টায় পাওয়া যাননি।

প্রশাসনের পক্ষ থেকে মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন প্রশাসক রাসেল দেওয়ান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। মাদারগঞ্জ থানার ওসি সাকের আহম্মেদ বলেন, বিষয়টি তার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×