সকল মেনু

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে। ঘুষ-দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি জোর দিয়ে বলেন, থানা, উপজেলা প্রশাসন বা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো দালালের অস্তিত্ব থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেউ নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবে না।

দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ করে এমপি হাসনাত বলেন, “আপনার থানায় এখন থেকে কোনো দালাল থাকতে পারবে না। আমি সাধারণ মানুষের মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি, দালাল ছাড়া সেখানে কোনো কাজ হয় না।” তিনি একজন নির্দিষ্ট দালালের নাম উল্লেখ করে ওসিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার নামও উল্লেখ করে তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমি জনগণের সেবা নিশ্চিত করার জন্য এই দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমাকে এ সুযোগ দিয়েছেন, তাই জনগণের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করতে হবে।”

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে তিনি বলেন, “সরকার যে সুবিধা-বেতন দেয়, তার মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। অতিরিক্ত কিছু নেওয়া যাবে না। ঘুষের প্রথা থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, “এখানে অনেক সাংবাদিক আছেন। আমার কথায় যদি কেউ ভিন্নমত পোষণ করেন, তাহলে চ্যালেঞ্জ করছি। আমি নিজে কাউকে থানায় অভিযোগ বা মামলা করতে পাঠিয়েছি, কিন্তু দেখেছি দালাল ছাড়া কোনো কাজই হয় না।”

ওসির উদ্দেশে তিনি আরও বলেন, আপনি থানার ভিতর থেকে দেখতেছেন, আর আমি দেখতেছি সাধারণ মানুষের দিক থেকে। আজকে থেকে এই মুহূর্ত থেকে থানায় কোন দালাল থাকবে না। আপনি আপনার সেকেন্ড অফিসারকে নিয়ে আলোচনায় বসেন। সবাইকে বলে দেবেন সরকার যে বেতন দেয় সে বেতন নিয়েই আপনাদেরকে চাকরি করতে হবে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গোমতীর মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন। 

এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, থানার ওসিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×