আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট সফল করার লক্ষ্যে নেত্রকোণায় দিনব্যাপী ব্যাপক প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশাল পথসভা ও লোক সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন।
পূর্বধলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। একইসঙ্গে রাষ্ট্রের সংস্কার ও জনমতের প্রতিফলন ঘটাতে গণভোটের গুরুত্ব অপরিসীম।” তিনি স্থানীয় জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে এক মনোজ্ঞ লোক সংগীতের আয়োজন করা হয়, যা সাধারণ মানুষের মাঝে নির্বাচনের ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। পথসভার পূর্বে উপদেষ্টা মহোদয় স্থানীয় একটি ভোটকেন্দ্র পরিদর্শন করে এর প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
নারান্দিয়ার অনুষ্ঠান শেষে বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এবং গণভোট প্রচার’ বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রচারণার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন:
জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা, মোঃ ওয়াহিদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ আনিছুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার, পূর্বধলা, জেলা তথ্য অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।