নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে নিখোঁজ হওয়ার ২০ দিন পার হলেও সন্ধান মেলেনি দুই স্কুলছাত্রীর। গত ৩১ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই বান্ধবীর কোনো হদিস না পাওয়ায় বাগড়া গ্রামে নিখোঁজদের পরিবারে বইছে শোকের মাতম।
নিখোঁজ কিশোরীদের বয়স যথাক্রমে ১৪ ও ১৫ বছর। তারা একই গ্রামের বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। নিখোঁজের সময় উভয়ের পরনেই ছিল কালো বোরকা। এর মধ্যে নাদিয়া রহমান কালো বোরকার ওপর পিংক রঙের ব্লেজার এবং স্বর্ণা কালো বোরকার ওপর জিনসের ব্লেজার পরিহিত ছিল। স্বর্ণার সঙ্গে একটি স্কুল ব্যাগও ছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজ দুই ছাত্রীর কারও কাছেই মোবাইল ফোন ছিল না। প্রযুক্তিগত কোনো মাধ্যম না থাকায় তাদের অবস্থান শনাক্ত করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪০ ও ৪২) করা হয়েছে। তবে দীর্ঘ ২০ দিনেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় উৎকণ্ঠা বাড়ছে এলাকাবাসীর মধ্যে। প্রিয় সন্তানদের ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।