শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ (৩ জানুয়ারি) থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর শাহবাগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
এ কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইবেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানানো হয়েছে।
এ দাবি পূরণ না হলে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাথায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের ইচ্ছায় পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে তিনি শাহাদাত বরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তাঁর মরদেহ দেশে ফিরে আসে। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।