নেত্রকোণা সদর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক কৃষকের মুখ ও পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) দিবাগত রাতে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে হেলাল উদ্দিন তার শয়নকক্ষে ঘুমান। একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে অন্য একটি খাটে তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) ঘুমিয়েছিলেন। স্ত্রীর দাবি অনুযায়ী, রাত ৪টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে তিনি পাশের বিছানায় স্বামীর মুখ ও পা বাঁধা এবং জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।
তদন্ত ও আইনি প্রক্রিয়া:
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার (২১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ সুত্রে জানায় যায়, নিহতের স্ত্রীর বক্তব্যে বিভিন্ন অসঙ্গতি দেখা দেওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে জোর তদন্ত চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।