ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে পুরো জেলাজুড়ে এক আনন্দময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সক্রিয় প্রচারণা এবং শুভানুধ্যায়ীদের উৎসাহে বর্তমানে সর্বত্র ভোটের আমেজ বিরাজ করছে।
এই নির্বাচন পরিচালনার জন্য ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট নজরুল হক অনু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বেই নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ এবং আনন্দঘনভাবে সম্পন্ন করার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ ভোলায় সাংবাদিকদের এই নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আনন্দঘন পরিবেশের প্রশংসা করেছেন। তাদের ভাষ্যমতে, “টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন যেন ভোলার জন্য এক উৎসবের মতো। সাংবাদিকদের এই ঐক্য আমাদেরকেও বেশ উচ্ছ্বসিত করেছে।”
নির্বাচনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী জানিয়েছেন, তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা এটিকে জয়-পরাজয়ের লড়াই হিসেবে দেখছেন না, বরং গঠনতন্ত্র মেনে ঐক্যবদ্ধভাবে সংগঠন পরিচালনার ওপরই জোর দিয়েছেন। প্রার্থীরা বলেন, “জয়ী-পরাজিত সবাই মিলে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নজরুল হক অনু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “টেলিভিশন জার্নালিস্টরা হলেন গণমাধ্যমের মূল চালিকাশক্তি। তাদের একত্রিত করে এমন সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজন করা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই নির্বাচন ভোলার সাংবাদিকতা অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
আনন্দ ও উদ্দীপনার এই পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে ভোলার সাংবাদিক সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।