ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চুটকিমারা ও আশপাশের গ্রামগুলোতে গরু চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারবার চুরি হওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি চোরচক্র দীর্ঘদিন ধরে এ এলাকায় সক্রিয় রয়েছে। সম্প্রতি এক তারিখ রাতে আদর্শ গ্রাম সংলগ্ন এলাকা থেকে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবুজকে গরু নিয়ে যেতে দেখে স্থানীয়রা সন্দেহ করে ধাওয়া দেন। তখন সে গরু ফেলে পালিয়ে যায় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে চুটকিমারা এলাকায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে চোরচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এলাকার বাসিন্দা সিয়াম জানান, “গোলমাল শুরু হওয়ার পর সবুজ আমার গাড়িতে উঠে দ্রুত সরে যেতে চায়। পরে আমি বুঝতে পারি আশপাশে চুরির ঘটনা ঘটেছে।”
তবে অভিযুক্ত সবুজ বলেন, “আমি গরু চুরি করিনি। ব্যক্তিগত কাজে আমি ওই এলাকায় গিয়েছিলাম। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করা হচ্ছে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত নিয়মিত টহল জোরদার ও দায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।