রাজধানীর উত্তরায় ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে (আজমপুর আমির কমপ্লেক্সের পেছনে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাতের অবৈধ দোকান ও ভ্যান সরিয়ে দেয়। তবে উচ্ছেদের পর থেকেই একটি পক্ষ পুনরায় সেখানে দোকান বসানোর চেষ্টা চালিয়ে আসছিল। এই ফুটপাত দখল এবং চাঁদাবাজির আধিপত্য নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল, যার জেরে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ওসি খালিদ মনসুর জানান, ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে এই ঝামেলার সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের আশঙ্কা, ফুটপাত ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করায় যেকোনো সময় আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।