পুরান ঢাকার বংশাল এলাকায় কেপি ঘোষ স্ট্রিটে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত করা হয়। আগুনের সঙ্গে প্রচুর ধোঁয়া তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধোঁয়া দেখার পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। বর্তমানে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কেপি ঘোষ স্ট্রিটের গলি খুবই সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ভবনের কাছে যেতে পারছে না। ফলে কর্মীরা ভবন থেকে ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে পাইপ লাইন টেনে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ভবনের নিচতলায় বেশ কয়েকটি দোকান থাকায় আগুনের তীব্রতা বেড়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।