রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত না থাকায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতরা হলেন— ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছরের শিশু রিসান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালের নিরিবিলি পরিবেশে হঠাৎ দ্বিতীয় তলা থেকে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে ওঠে। মুহূর্তেই পুরো ভবনে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায়। অনেকে ধোঁয়ার কারণে শ্বাস নিতে পারেননি এবং দ্রুত বের হওয়ার সুযোগ পাননি।
খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যরা হতাহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও অন্যান্য হাসপাতালে পাঠান।
চিকিৎসকরা নিশ্চিত করেছেন, নিহতদের শরীরে উল্লেখযোগ্য পোড়া ক্ষত নেই; ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন। আগুনের সূত্রপাত সম্ভবত দ্বিতীয় তলা থেকেই হয়েছে বলে প্রাথমিক ধারণা।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনের ছাদে তালা লাগানো ছিল এবং বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কাজে বেশ বিলম্ব হয়েছে। অনেকে ধোঁয়ায় আটকে পড়ে বের হতে পারেননি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।