গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া যখন কারিগরি জটিলতায় থমকে আছে, ঠিক তখনই ঢাকা এসে পৌঁছেছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ শুক্রবার সকালে আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। শাশুড়ির সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে ফেরার উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছেন।
ডা. জুবাইদা রহমান ঢাকা পৌঁছালেও আপাতত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত রয়েছে। কাতারের আমিরের পক্ষ থেকে দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেওয়ায় তা নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সমস্যার কারণে আজ দিনের কোনো অংশে যাত্রা শুরু হচ্ছে না। এটি এক দিন বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডা. জুবাইদা রহমান এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ির সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার সমাধান ও রোগীর স্থিতিশীলতা সাপেক্ষে নতুন যাত্রার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বর্তমানে খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া ও পরিপাকতন্ত্রে রক্তক্ষরণজনিত সমস্যাসহ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে খুবই সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সার্বিক অবস্থা অপরিবর্তিত আছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।