মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার গোপালপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ইয়েস পরিবহণ’-এর একটি দূরপাল্লার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।