জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই আলোচনা সম্পন্ন হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড।
বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিকসহ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় করা হয়।
আলোচনায় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা এবং জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেটের ইতিবাচক দিকগুলো উঠে আসে। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার অভিবাসন প্রক্রিয়া নিয়েও বৈঠকে বিশদ আলোচনা করা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বেশি গতিশীল হবে।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আমিরে জামায়াতের সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।