সকল মেনু

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ সড়ক পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।

পল্টিবাজ সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

মিছিলপূর্ব সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দুই বছরের মধ্যে দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলার মাত্র এক মাসের মাথায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিল সরকার। এই সরকার আসলে পল্টিবাজ; সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, আর রাতে আরেক কথা বলে। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ আসলে কোথায় যাবে?

জনজীবনে মারাত্মক প্রভাবের শঙ্কা

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ার ফলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রার খরচ ও দুর্ভোগ আরও বহু গুণ বেড়ে যাবে। জনস্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জোর দাবি জানান তারা। একই সাথে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারকে কার্যকর ও জনবান্ধব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত বিক্ষোভ কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×