সকল মেনু

বাংলাদেশে মন্ত্রীত্ব হইলো সোনার পাথরের বাটির মতো: নাসীরুদ্দীন

ক্ষমতাসীনদের অবৈধ সম্পদ অর্জন এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বাংলাদেশে মন্ত্রীত্ব হইলো সোনার পাথরের বাটির মতো। ঘষা দিলেই কুরবানির পশু, ফ্ল্যাট, প্লট, জমি-জমা, স্বর্ণ অলংকার, গাড়ি-বাড়ি, রূপা-মুদ্রা, হীরা-জহরতের ছড়াছড়ি। নামে-বেনামে সম্পদের পাহাড়। কেউ আবার দেশের মাটিতে জায়গা না পেয়ে বিদেশে গিয়ে বাড়ি ক্রয় করে।’

মন্ত্রীদের সন্তানদের অতিরিক্ত বিলাসী জীবনযাপন নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘তাদের সন্তানদের দিকে তাকাইলে প্রিন্স উইলিয়ামও লজ্জা পায়। জিজ্ঞেস করলে— “আয়ের উৎস কী?” উত্তর দেয় -আব্বা। সূর্যের দিকে তাকাইলে যেমন চোখ অন্ধকার হয়ে আসে, তেমনি এদের জৌলুস আর চাকচিক্যময় সামগ্রীর দিকে তাকাইলেও চোখ ঝাপসা হয়ে আসে।’

ক্ষমতাসীনদের চারপাশের ক্ষমতাকেন্দ্রিক অহংকার ও নানা অনৈতিক কর্মকাণ্ডের ইঙ্গিত দিয়ে তিনি আরও যোগ করেন, ‘আরব শেখদের মতো বাঘ নিয়ে খেলা না করতে পারলেও বাঘিনী নিয়ে খেলা করে। এদের ছোট ছোট আয়েশি খাঁচায় কত ফুল ঝরে পড়ে! এদের ট্যাবলেট চিবানো দেখলে উৎপাদনকারী আরেকটা নতুন ফ্যাক্টরিতে বিনিয়োগ করার সাহস পায়।’

ক্ষমতাশালীদের একাংশ গণমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় বলেও অভিযোগ করেন এই নেতা। তিনি বলেন, ‘আবার কেউ কেউ মিডিয়া খুলে ভয় দেখায়— “খাইয়া দিমু”, “জেলে ভইরা দিমু”। এদের দুইটা শখের জায়গা আছে— অর্ধেক রাতারাতি খেলা-বিশেষজ্ঞ হইয়া উঠে, আরেক অর্ধেক সংস্কৃতির মান ইজ্জত ডুবিয়ে দেয়।’

তবে পোস্টের শেষাংশে অতীতের বিভিন্ন গণ-অভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি একধরনের হুঁশিয়ারি ও আশার বাণী শোনান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এতক্ষণ পড়ে মন খারাপ কইরেন না। শ্রীলঙ্কা আর সাম্প্রতিক নেপালে রাস্তায় রাস্তায় তাদের যেই পরিণতি হয়েছিল, ওই থ্রিলারগুলা নেট দুনিয়ায় একটু দেখলেই মন শান্তি হয়ে যাবে। যেখানেই রাজ-রাজ ভাব আর হাংকি-পাংকি দেখবেন, সেখানেই নেপালের উদাহরণ সেট করে দিবেন।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×