নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সর্বশেষ যে দুটি হত্যা মামলায় হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন, তা বহাল রয়েছে। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও গতকাল রবিবার চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত দুটি আবেদনেই নো অর্ডার দেওয়ায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল আছে বলে জানিয়েছেন আইভীর আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। অন্যদিকে সেলিনা হায়াত আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান ও মোতাহার হোসেন সাজু। তাঁদের সঙ্গে শুনানিতে অংশ নেন আইনজীবী এস এম হৃদয় রহমান।
হাইকোর্টের দেওয়া জামিনে চেম্বার আদালত হস্তক্ষেপ করেননি জানিয়ে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত নো অর্ডার দিয়েছেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল আছে এবং আইভীর মুক্তিতে কোনো আইনি বাধা থাকছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।