সকল মেনু

নারী-শিশু নির্যাতন কারীদের শাস্তির দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর চরম নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে একটি মানববন্ধন করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, “আছিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। তৎকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এক মাসের মধ্যে বিচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই বিচার কার্যকর হয়নি। যদি সেই রায় যথাযথভাবে কার্যকর হতো, তাহলে তাহিয়া, আমিনাসহ আরও অনেক শিশুর জীবন বাঁচানো যেত। আইন যদি কার্যকর না হয়, তাহলে সেই আইনের কোনো মূল্য থাকে না।”

তিনি সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সরকার কেন নীরব? আপনি ১৮ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। কিন্তু সেই দায়িত্ব কীভাবে পালন করছেন? আপনি চার স্তরের নিরাপত্তার মধ্যে থাকেন, কিন্তু সাধারণ নাগরিকরা কতটুকু নিরাপত্তা পাচ্ছেন? নিজের ঘরেও তারা নিরাপদ নন। এই ব্যর্থতার দায় সরকার ও প্রশাসনকেই বহন করতে হবে।”

অন্যান্য বক্তারা বলেন, নির্বাচনের পর দেশজুড়ে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনা ঘটছে। একটি দেশের মর্যাদা ও সম্মানের প্রতীক তার নারী ও শিশু সমাজ। কিন্তু কিছু হায়েনার লালসার কবলে পড়ে সেই মর্যাদা আজ ভূলুণ্ঠিত। আমরা জাতি হিসেবে লজ্জিত।

তারা সারাদেশে ঘটে যাওয়া এসব অত্যাচার-নির্যাতনের দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার দাবি করেন। মানববন্ধন শেষে সরকারের কাছে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়, যাতে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×