এনসিপির নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার জন্য সব ধরনের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
বুধবার ২৮ জানুয়ারি দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেবিদ্বার উপজেলা থেকে এগারো জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছেন। গত ১৭ বছর ধরে আমরা নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দলও একই ধরনের নিপীড়ন শুরু করেছে। আওয়ামী লীগ আমলে গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম হয়েছে। বর্তমানে ক্ষমতায় না থেকেও একটি দল একই জুলুম চালিয়ে যাচ্ছে। তাই ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট। গুম, খুন, হত্যা থেকে মুক্তি পেতে এগারো দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন।
তিনি আরও বলেন, বিএনপির দেবিদ্বার ও তিন আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন যাতে না হয় সেজন্য প্রধান উপদেষ্টাকেও বলেছে। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। যে তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার ওপর নির্ভর করতে পারে না। আমরা তাদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই। আমরা বারবার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়ে ক্ষমতায় এলে কী করবে তার নমুনা দেখিয়েছে।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আরেকটি বড় দলের নেতারা উপরে উপরে ভালো কথা বলছে। কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই দলের নেতারা এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছে। হ্যাঁ ভোট বিজয়ী হলে আগামীতে আর কেউ বিগত সরকারের মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না। তাদের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোনো কথা বলছেন না। বড় নেতারা হ্যাঁ ভোটের কথা বললেও জেলা-উপজেলা পর্যায়ের নেতারা মাঠে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন।
পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।