বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশের সম্মানহানি করা। সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের মর্যাদা ও সম্মান জড়িত। একজন ক্রিকেটারের প্রতি অসম্মান দেখানো মানে সমগ্র জাতির প্রতি অসম্মান।
তিনি ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলেও ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করে নেওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে নেয়। ভারত সরকারের অনুমোদন নিয়েই বাংলাদেশি খেলোয়াড়দের নিলামে তোলা হয়। কিন্তু কিছু কট্টরপন্থী গোষ্ঠীর চাপে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর পরে মোস্তাফিজকে ছেড়ে দেয়।
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা আইসিসিকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো ভারতে না খেলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। আইসিসি এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।