সকল মেনু

পুরো দেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, লাখো মানুষের ভালোবাসা ও উপস্থিতি তাঁকে একাকিত্ব অনুভব করতে দেয়নি। বরং এই কঠিন সময়ে পুরো বাংলাদেশই তাঁর পরিবারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগপূর্ণ পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তারেক রহমান লেখেন, “গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবেলার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তাঁর অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই দুঃসময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি।”

তিনি আরও লেখেন, লাখো নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে উপলব্ধি করেছেন যে, খালেদা জিয়া শুধু তাঁর মা ছিলেন না—তিনি ছিলেন সমগ্র জাতির মা। “যেভাবে লাখ লাখ মানুষ একসঙ্গে এসে শ্রদ্ধা জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবার মনে করিয়ে দিয়েছে—তিনি অনেকের কাছে জাতির মা ছিলেন।”

কূটনৈতিক প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। যেসব দেশ সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাই। আপনাদের এই সহানুভূতি আমাদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে।”

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি লেখেন, “আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।”

খালেদা জিয়ার আজীবন মানুষের সেবা ও ত্যাগের উত্তরাধিকার গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, “একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে আমি সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাঁকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি ও প্রেরণা যুগিয়েছে।”

তিনি শেষে যোগ করেন, “খালেদা জিয়া যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ রেখে গেছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেমের অনুপ্রেরণা পাব।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×