সকল মেনু

খালেদা জিয়ার মৃত্যুতে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই শোক কর্মসূচি আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে।

সচিবালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনে অর্ধনমিত পতাকা উড়ছে। কিছু কর্মকর্তা কালো ব্যাজ পরিধান করেছেন। তবে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার বিকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখ লাখ মানুষের ঢল নামে এবং সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র সৃষ্টি হয়। এরপর বিকাল ৫টার কিছু আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে দাফন করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×