বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে কঠোর বেষ্টনী গড়ে তুলেছে। এছাড়া র্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। সরেজমিনে দেখা যায়, মৃত্যুর খবর শুনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছুটে এসেছেন। কেউ তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখতে, কেউ ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অধিকাংশই ইতোমধ্যে হাসপাতালের অভ্যন্তরে অবস্থান নিয়েছেন।
এদিকে, বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার সব প্রস্তুতি চলছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল পৌনে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দাফনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কবরের মাপ নেওয়ার কাজ চলছে।
জিয়া উদ্যান এলাকায় কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। একে একে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানেও জড়ো হচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।