শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ২৯ ডিসেম্বর সোমবার দুপুর ২টার দিকে শাহবাগে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে দুপুর ২টায় অবরোধ শুরুর কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে সমবেত হতে শুরু করেন। পরে নির্ধারিত সময়ে তারা রাস্তায় বসে পড়ে অবরোধ করেন। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য— ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তুমি কে আমি কে? হাদি হাদি’ প্রভৃতি।
উল্লেখ্য যে, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত শুক্রবার থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন। গত শনিবার রাতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলনকে বিভাগীয় শহরে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় রোববার শাহবাগসহ বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালিত হয়। আজ সোমবার তার ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।